ইন্টেলের জন্য দুঃসংবাদ

৭ নভেম্বর, ২০২৩ ০১:৪৫  

আগেই ইন্টেলের সিপিইউ থেকে সরে এসে নিজেদের কম্পিউটার ও ট্যাবলেটের জন্য নিজস্ব ডিজাইনের আর্ম–ভিত্তিক (এআরএম) প্রসেসর তৈরি করতে শুরু করেছে অ্যাপল। আর এবার আর্ম ভিত্তিক সিপিইউ ব্যবহারে গ্রাফিকস প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া এবং প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএমডির সঙ্গে কাজ শুরু করছে মাইক্রোসফট। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে প্রসেসরের বাজারে ইন্টেলের দীর্ঘদিনের রাজত্ব।

আর্ম ভিত্তিক সিপিইউ তৈরি সম্পর্কে অবহিত এমন দুজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজের জন্য আর্ম চিপ করতে কোয়ালকমের সঙ্গে চুক্তিবদ্ধ মাইক্রোসফট। তবে ২০২৪ সালে এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হলেই মাইক্রোসফট এনভিডিয়া ও এএমডির সঙ্গে আর্ম ভিত্তিক সিপিইউ তৈরি করতে চায়। এ পদক্ষেপের ফলে উইন্ডোজ ব্যবহারকারীদের হাতে বেশ কয়েকটি বিকল্প থাকবে। তারা অ্যাপল ব্যবহারকারীদের একই সুবিধা ভোগ করতে পারবেন। সেই সঙ্গে ইনটেলের বেশি কর্মক্ষমতা পাওয়া যাবে আর্ম–ভিত্তিক সিপিইউতে।

এ নিয়ে ডি২ডি অ্যাডভাইজারি নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জে গোল্ডবার্গ বলেন, ‘নব্বইয়ের দশক থেকে মাইক্রোসফট শিখেছে যে, তারা ইনটেলের ওপর নির্ভরশীল থাকতে চায় না। তারা শুধু একটি (সিপিইউ) বিক্রেতার ওপর নির্ভর করতে চায় না। আর্ম–ভিত্তিক সিপিইউ যদি সফল হয়, তবে এনভিডিয়া–এএমডি কখনোই কোয়ালকমকে আর একচেটিয়া ব্যবসা করতে দেবে না।’

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম এক্সট্রিমটেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য অন্তত তিনটি সিপিইউ বিকল্প থাকবে—ইন্টেল, এএমডি বা এনভিডিয়া। এ তিনটির মধ্যে এনভিডিয়াই পছন্দে এগিয়ে থাকবে। কারণ এই সংস্থা বর্তমানে কয়েকটি সার্ভার ও এআই চিপের জন্য ‘গ্রেস সুপার চিপ’ নামের আর্ম–ভিত্তিক চিপ তৈরি করছে। বেশ কয়েক বছর ধরে এটি ‘টেগরা’ মোবাইল চিপ তৈরি করছে।